ফেরদৌসকে আমি বুঝি, সে–ও আমাকে বোঝে: পূর্ণিমা

মাসখানেক আগে ঘোষিত ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা। জমকালো একটি আয়োজনের মধ্য দিয়ে নায়ক–নায়িকা এবং শিল্পী ও কলাকুশলীদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

কে বা কারা হবেন এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপস্থাপক, তা নিয়ে থাকে থাকে জল্পনাকল্পনা। অবশেষে আয়োজক সূত্রে সোমবার জানা গেছে, এবারের আয়োজনও উপস্থাপনা করতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

এবার নিয়ে চারবার এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এ পুরস্কার চলচ্চিত্রশিল্পীদের জন্য বড় স্বীকৃতি। এ অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকা সৌভাগ্যের ব্যাপার। এবার নিয়ে চারবার অনুষ্ঠানটি উপস্থাপনা করা হবে আমার। এর আগে চঞ্চল চৌধুরীর সঙ্গে একবার, এ নিয়ে ফেরদৌসের সঙ্গে তিনবার মঞ্চে ওঠা হবে। এখনো যে এ অনুষ্ঠানের জন্য আমাকে ডাকা হয়, এটি বড় সম্মানের ব্যাপার।

ফেরদৌসের সঙ্গে এ অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে পূর্ণিমা বলেন, ফেরদৌসের সঙ্গে খুব বেশি সিনেমা করা হয়নি আমার। কিন্তু বাস্তবে তার সঙ্গে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক আছে। শুধু সরকারি এ অনুষ্ঠানই নয়, আমরা করপোরেট অনেক অনুষ্ঠান উপস্থাপনা করে আসছি, একসঙ্গে স্টেজে পারফরম্যান্সও করি। ফেরদৌসের সঙ্গে উপস্থাপনা করা আমার জন্য সহজ হয়। কারণ, ওকে আমি বুঝি, সে–ও আমাকে বোঝে। তার সঙ্গে কাজ করতে গেলে মনে জোর থাকে, সাহস থাকে। অন্যদের সঙ্গে স্টেজ ভাগাভাগি করতে কিছুটা আনইজি লাগে।

সিনেমায় নিয়মিত নন, তবুও সাধারণ মানুষের কাছে এখনো সমান জনপ্রিয়। রহস্য কী? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ভক্তরা এখনো কেন ভালোবাসেন, তা তো বলতে পারব না। তবে হয়তো ভালো সিনেমা তাঁদের দিতে পেরেছি। এ ছাড়া আমার উপস্থাপনাটাও তাঁরা উপভোগ করছেন। এ কারণে হয়তো আমার প্রতি দর্শকের ভালোবাসাটা এখনো রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *