শ্বশুর-শাশুড়ি দুজনই আমার খুব প্রশংসা করেন: পরীমণি

আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিনেমায়। নাম ‘গুণিন’। দুজনের কাছেই সিনেমাটি অনেক বেশি স্পেশাল। আমৃত্যু তারা এই সিনেমার কথা স্মরণ রাখবেন, বুকে আগলে রাখবেন।

কেননা এই সিনেমার মাধ্যমেই তারা একে-অপরের দেখা পেয়েছেন, ভালোবেসেছেন এবং শেষ পর্যন্ত বিয়ে করে ঘর বেঁধেছেন। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি গত ১১ মার্চ মুক্তি পেয়েছে।

গত বৃহস্পতিবার শ্বশুর-শাশুড়ি, দেবর ও রাজের বন্ধুদের সঙ্গে নিয়ে স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলেন পরীমণি। সন্ধ্যা সাতটার শোতে তাঁর ‘গুণিন’ ছবিটি দেখেছেন তাঁরা।

পরী গণমাধ্যমকে বলেন, ‘ছবি দেখে বের হয়ে শ্বশুর ও শাশুড়ি দুজনই আমার আর রাজের অভিনয়ের খুব প্রশংসা করেছেন। তাঁদের মুখ থেকে প্রশংসা শুনে আমার তো একরকম লজ্জায় লাগছিল।’

সময় সময় শ্বশুর দেখতে এলেও মাঝেমধ্যে শাশুড়ি টানা সময় থাকেন পরীদের সঙ্গে। শাশুড়িকে খুব পছন্দ পরীর। বলেন, ‘শাশুড়ি খুব ভালোবাসেন আমাকে। টেককেয়ার করেন। মাঝে মাঝে শাশুড়ি আমার আর রাজকে নিয়ে মজার মজার কথা বলেন। প্রায় সময় আমি ও রাজ দুজনই বাসায় একই রঙের শর্ট ও টি-শার্ট পরি। দুজনের কাণ্ড দেখে হাসতে হাসতে শাশুড়ি বলেন, “তোমরা দুজনই পাগল। দুই পাগল এক হয়েছ। কীভাবে দুজন এক জায়গায় আসলে, কীভাবে দুজনকে ওপরওয়ালা মিলিয়ে দিল।”’

পরীমনি জানালেন এখন জীবনকে নিয়ে নতুন করে ভাবতে শিখেছেন। জীবনকে নতুনভাবে গুছিয়ে এনেছেন।

বলেন, ‘যখন যে জায়গায় থাকি, তখন সেভাবেই জীবনকে যাপন করি এখন। যখন ঘরে থাকি তখন একেবারেই লক্ষ্মী বউয়ের মতোই থাকি। আবার যখন শুটিংয়ে তখনই শুধুই একজন অভিনয়শিল্পী। আগের মতো সব জায়গায় সব জিনিস মাথায় নিয়ে এখন আর চলতে চাই না। জীবনটাকে আর জগাখিচুড়ি করতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *