অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট না করে, তবে টিসিবি’র পণ্য বিপনন হবে যুগান্তকারী পদক্ষেপ। এতে অস্থির নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব ফেলবে।

রোববার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া গ্রামে ভর্তুকি মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি’র আনুষ্ঠানিক উদ্ধোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী সারাদেশের অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়ের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়ে বাজারকে অস্থির করে তুলছেন। মানুষের রিজিক নিয়ে ছিনিমিনি খেলছে তাদের ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। জেল-জরিমানা থেকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

উদ্বোধনী দিনে জেলার ২৪টি পয়েন্টে ২৬ হাজার ৮শ’ ৯৯ উপকারভোগী পরিবারকে এসব পণ্য সামগ্রী দেয়া হয়। পর্যাক্রমে আট উপজেলা, তিন পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় ১শ’ ৩৫ জন ডিলারের মাধ্যমে ২শ’ ২২টি স্পটে ৪শ’ ৬০ টাকা প্যাকেজ মূল্যে ২ লাখ ৮৩ হাজার ৩শ’ ১২ জন উপকার ভোগী পরিবারের মাঝে এই পণ্য সামগ্রী বিক্রি করা হবে।

এতে জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, টিসিবির কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *