মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় রোববার দুপুরে একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে হঠাৎ করে নাজমা ভিলা নামের বাড়িতে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে বাড়ির সকল রুমে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করে কিন্তু আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ইতিমধ্যে বসত বাড়ির ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে বাড়ির কক্ষে থাকা চাল, ডাল, আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ফ্রিজ, টেলিভিশন ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কদ্দুস খাঁন, হজরত আলী মিলনসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসী দেখেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এলাকাবাসী খবর দিলে আমরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, জরুরিভাবে কিছু কেনার জন্য আমরা ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে আপাতত এক হাজার করে টাকা দিচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ বেলা করে খাবারের ব্যবস্থা করেছি। যাতে তাদের কষ্টটা লাঘব হয়। এদের খোলা আকাশে যেন থাকতে না হয় সে জন্য তাদেরকে থাকার জন্য কক্ষ ব্যবস্থা করে দিচ্ছি। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এদের আরও আর্থিক অনুদান দেওয়া হবে।
