শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ২ জনকে আটক করা হয়েছে।
রোববার (২০ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলার একটি টহল দল কর্তৃক বাগেরহাট জেলার মংলা থানাধীন পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০০ লিটার অবৈধ ডিজেলসহ ০২ জন চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- খুলনা জেলার কয়রা থানার কুসুডাংগা গ্রামের মোঃ আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার (৩১) ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার গাংচিল গ্রামের মৃত আঃ হান্নানের ছেলে মোঃ নুর আলম (৫৩)।
জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যাক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।





