মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রামের রমিনুর রহমান খানের ছেলে রুপম খান (১৮) এবং একই ইউনিয়নের খোকন খানের ছেলে নিশাত (১৯)। তারা দুজনে মির্জাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে পরিবার সুত্রে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে দুই বন্ধু বাড়ি থেকে টিবিএস মোটরসাইকেল নিয়ে মির্জাপুরের দিকে আসছিল, পথিমধ্যে ভাওড়া নয়াপাড়া এলাকায় পৌঁছালে আরিচাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুপম খানের মৃত্যু হয়। এবং নিশাদ গুরুতর আহত হয়। পরে নিশাতকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়৷
