ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তারেক ইফতেখারকে উদ্ধার করেছে পুলিশ। দুদিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর পুলিশ বলছে, নিখোঁজ তারেক ইফতেখার বুয়েট থেকে বের হয়ে মোবাইল ফোন বন্ধ রেখে তাবলিগ জামাতে গিয়েছিলেন বলে জানিয়েছেন।
রাতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উনি তাবলিগে গিয়েছিলেন। সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেছেন, পড়াশোনা করতে করতে কিছুটা ক্লান্ত হওয়ায় একটা ব্রেকের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন।
এর আগে গত ১৪ মার্চ (সোমবার) বিকেল ৪টার দিকে বুয়েটের ড. এম এ রশীদ হল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তারেক ইফতেখার। এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অফিসের সিনিয়র সিকিউরিটি অফিসার আবুল কালাম আজাদ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, গত ১৪ মার্চ বিকেল ৪টার দিকে হল থেকে বের হন ইফতেখার। কিন্তু তিনি ওইদিন ভাইয়ের বাসায় যাননি। পরদিনও না যাওয়ায় তার মেজো ভাই তারেক মুহাম্মদ ইরফান ফোন করেন ইফতেখারের নম্বরে। নম্বরটি বন্ধ পেয়ে আত্মীয় স্বজন, বন্ধুদের কাছে খোঁজ নেন। কোথাও সন্ধান পাওয়া যায়নি ইফতেখারের।
ইফতেখারের ভাই আবুল কালাম আজাদ বলেন, ‘১৪ মার্চ ৩টার দিকে আমার সঙ্গে ওর স্বাভাবিক কথা হয়। মায়ের খোঁজখবর নেয়, সবকিছু স্বাভাবিক ছিল। বাড্ডায় আমার ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল। কিন্তু যায়নি। আমাদের জানা মতে ওর কোনো সমস্যা নেই।’
