বৃহস্পতিবার (১৭ মার্চ) বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশেই থাকবে নানা আয়োজন। বাদ যাবে না চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনও (বিএফডিসি)।
জাতির পিতার জন্মদিনে বিএফডিসিতে রয়েছে বিরাট আয়োজন। ইতোমধ্যে সিনেমার ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র আহ্বায়ক কমিটি নানা কর্মসূচি ঘোষণা করেছে।
জানা যায়, চলচ্চিত্রের বাইরেও আমন্ত্রণ জানানো হয়েছে অনেককেই। এরমধ্যে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।
১৫ মার্চ মেয়র অফিসে আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন নন্দিত অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কার্যকরী সদস্য সদস্য জেসমিন, চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হোসেনসহ অনেকে।
এ বিষয়ে শাহনূর বলেন, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপনে এফডিসিতে বড় আয়োজন করতে চলেছি। এ উপলক্ষে ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। এছাড়া তার সঙ্গে নানা বিষয়ে আমাদের কথা হয়েছে।’
প্রযোজক সমিতির সাবেক সভাপতি ও অভিনেতা খোরশেদ আলম খসরু বলেন, ১৭ মার্চ সকাল থেকে দিনব্যাপী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য কোরআন খতম হবে বিএফডিসিতে। আছে মাহফিল এবং মিলাদ। এরপর হবে বঙ্গবন্ধুর ওপর বিশেষ আলোচনা। সেখানে কাটা হবে ১০০ পাউন্ডের বিশাল একটি কেক।’
খসরু বলেন, ‘আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই মিলে ওই কেকটি কাটব। এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সারাদিন দেশের গান থাকবে। আরও থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান। এর পাশাপাশি প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর উপরে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।
আয়োজন এখানেই শেষ নয়, জাতির জনকের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএফডিসিতে দুপুরে বিরাট প্রীতিভোজের ব্যবস্থা থাকবে বলেও জানান প্রযোজক খোরশেদ আলম খসরু।





