Home প্রধান খবর দ্রব্যমূল্য ইস্যুতে আবারও মাঠে নামছে বিএনপি

দ্রব্যমূল্য ইস্যুতে আবারও মাঠে নামছে বিএনপি

0
136

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবিতে আবারো মাঠে নামবে বিএনপি। এতে প্রতিবাদ সমাবেশ ছাড়াও গণঅনশনের মতো কর্মসূচিও আসতে পারে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়া চলতি মাসের ২৭ তারিখ চট্টগ্রামে মহাসমাবেশ করারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কালুরঘাটে এ সমাবেশ হবে বলে জানা গেছে।

গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারীরিকভাবে অসুস্থ থাকায় এর আগে তারিখ নির্ধারণ করা থাকলেও বৈঠক হয়নি। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন এমন গুঞ্জন রয়েছে।

এদিকে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ২৭ মার্চ চট্টগ্রামে মহাসমাবেশ করা হবে। এতে বড় ধরনের শোডাউন করার পরিকল্পনা নেয়া হয়েছে। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাটে বিশাল সমাবেশ করব।’

‘কালুরঘাট থেকেই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন’ এমন দাবি করে ইশতিয়াক আজিজ বলেন, ‘সে ডাকে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ওই দিনটিকে স্মরণীয় করতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।’

এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি দেশব্যাপী ১১ দিনের কর্মসূচি পালন করেছে বিএনপি। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা, পথসভা ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করেছে, যা মঙ্গলবার শেষ হয়।

তাই এবার নতুন করে এই ইস্যুতে মাঠে নামবে দলটি। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে গণঅনশনসহ কয়েক দিনের কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ কর্মসূচি ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here