সিনেমার প্রেক্ষাপট বঙ্গভঙ্গের উত্তাল সময় নিয়ে সিনেমা নির্মাণ করছেন সৌকর্য ঘোষাল। সিনেমার নাম কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ। এতে এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান।
সিনেমার শুটিং শুরু হয়েছে আরও আগেই। সম্প্রতি শুরু হয়েছে সিনেমার দ্বিতীয় লটের কাজ। এ মাসেই সিনেমার শুটিং শেষ হয়ে যাবে বলে জানান জয়া আহসান।
সোমবার রাতে জয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘কাজটা হাফ ডান ছিল, এ লটে সিনেমাটির কাজ শেষ হয়ে যাবে। ঝাড়খান্ডের ম্যাকলাস্কিগঞ্জে সিনেমার শুটিং চলছে।’
এর আগে জয়া সৌকর্যের পরিচালনায় ভূতপরী ও ওসিডি তে অভিনয় করেছেন।
কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ সিনেমায় উঠে আসবেন অরবিন্দ ঘোষ বা বাঘাযতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর গল্প। সঙ্গে আরও আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না।
ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে কালান্তর এর গল্প। এতে আরও অভিনয় করছেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়।
সিনেমাটি ঘোষণার সময় সিপরিচালক বলেছিলেন, ‘১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন বিপ্লবী সংগঠন যুগান্তর এর বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়টাকে ধরার চেষ্টা করব সিনেমায়।’’





