সংগীতশিল্পী ও গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতেই ঢাকায় এসেছেন সানি লিওন।
এ বিষয়টি নিশ্চিত করেছে বিয়ের দাওয়াত পাওয়া একজন সংগীতশিল্পী।
তার মাধ্যমে জানা যায়, আজ ১২ মার্চ রাজধানীর মাদানি এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে তাপস ও ফারজানা মুন্নী দম্পতির বড় মেয়ে নাজিশ আরমানের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নেবেন সানি লিওন। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে অবস্থান করছেন।
শনিবার (১২ মার্চ) বিকাল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন সানি লিওন নিজেই।
ছবিতে দেখা যায়, তিনি ঢাকা বিমানবন্দরে। তার পেছনে লেখা, ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি। সানি লিওনের সঙ্গে এসেছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েভার ও আরও কয়েকজন’।
এর আগে তাপসের টিএম রেকর্ডস থেকে প্রকাশিত গায়িকা ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের মডেল হন সানি। যা বেশ সাড়া ফেলে।
উল্লেখ্য, গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তাকেসহ ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির বাংলাদেশে ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। শেষতক টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন এই তারকা।
