Home বিনোদন হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্চ করতে পারি: মেহজাবিন

হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্চ করতে পারি: মেহজাবিন

0
201

দেশীয় নাটকের অঘোষিত রানী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছরে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দের তালিকায় থাকে। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে জাহির করেছেন তিনি।

এদিকে, ‘সাবরিনা’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন মেহজাবিন। এর মাধ্যমে প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করলেন এই অভিনেত্রী। আগামী ১৭ মার্চ হইচইয়ের ‘সাবরিনা’ মুক্তি পেতে যাচ্ছে ।

মুক্তি উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মেহজাবিন বলেন, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই।

তিনি বলেন, প্রত্যেক শিল্পীর ২-৩ দিনে এক নাটকে কাজ করে পরের দিন আরেক শুটিংয়ে যেতে হয়। এতো কম সময়ে এক চরিত্র থেকে আরেক চরিত্র ধারণ করার কষ্টটা আমরা যারা শিল্পী তারাই শুধু বুঝি। তাই আমি মনে করি আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারি।

মেহজাবীন বলেন, আমরা অনেক বেশি খাটতে পছন্দ করি এবং অন্যদের চেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। এজন্য আমরা অনেক বেশি পরিশ্রমী, তাই অনেকটাই আমরা সফল হতে পারি। যদিও বাজেট কম থাকে তবুও আমরা সবসময় অসাধারণ কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এতে শিল্পীদের পাশাপাশি পরিচালক, টেকনিক্যাল টিম ক্রু সবার ক্রেডিট থাকে।

আশফাক নিপুণের পরিচালনায় নির্মিত হয়েছে নারীকেন্দ্রিক গল্পের ওয়েব সিরিজ ‘সাবরিনা’। এই গল্পের টিজার রিলিজের জন্য ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে বেছে নেয়া হয়েছে বলে জানান নিপুণ। টিজারের শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। মেহজাবীন ছাড়াও আরেক সাবরিনার চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা।

প্রকাশিত টিজার থেকে নিশ্চিত হওয়া যায় যে সুনিপুণ নির্মাণে আশফাক নিপুণ ওয়েব সিরিজের প্রচলিত ধারা ভেঙে একটি প্রতিশ্রুতিশীল গল্প বলার চেষ্টা করেছেন। সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here