মালদ্বীপে হানিমুন শেষে গত ২০ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কয়েকদিনের বিশ্রাম শেষে ফের কাজে মনোযোগী হচ্ছেন তিনি।
এদিকে লাইট-ক্যামেরায় ফেরার আগে নারায়ণগঞ্জে নারীদের একটি অনুষ্ঠানে হাজির হবেন মিম। তবে নাচ বা গান নয়, এই সময়ের আলোচিত অভিনেত্রী কথা বলবেন নারী অধিকার ও নারীর উন্নয়ন নিয়ে।
আজ শুক্রবার দুপুরে নারীদের সংগঠন ‘গার্লস অব নারায়ণগঞ্জ’-এর পুনর্মিলনী অনুষ্ঠানটি হবে শহরের একটি রেস্তোরাঁয়।
প্রথমবার এই ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে মিম ভীষণ উত্তেজিত, ‘আমরা সাধারণত স্টেজ শো বা কোনো শোরুমের উদ্বোধনে হাজির হই। তবে আজকের অনুষ্ঠানটা অন্য রকম। মেয়েরাই আয়োজক, উপস্থিতও থাকবেন তাঁরা।
সংগঠনটির সদস্য ৪৫ হাজারের বেশি। তাঁরা যখন আমাকে আমন্ত্রণ জানান, খুব খুশি হয়েছিলাম। জানি না, কী বলব বা কী বলা উচিত! তবে চেষ্টা করব তাঁদের উৎসাহ ও প্রেরণা দেওয়ার। ’
মিম বলেন, ‘আগামী সপ্তাহ থেকে দুটি ওয়েব সিরিজের শুটিং করব। তারপরই শুরু হবে নতুন ছবির কাজ।’
