মনটা ছটফট করছে কাবা শরিফে যাওয়ার জন্য: মুক্তি

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এখন আর সিনেমায় দেখা যায় না তাকে। স্বামী-সংসার-সন্তান নিয়ে ব্যস্ত দিন কাটে তার। মা অভিনেত্রী আনোয়ারার দেখাশোনাও করেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে মুক্তি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তি ফেসবুকে লিখেছেন, ‘পবিত্র কাবা শরিফে যাওয়ার জন্য মনটা কেমন ছটফট করছে। ইয়া আল্লাহ হজ করার তৌফিক দান করুন, আমিন।’

তাকে সম্প্রতি বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনের দিন দেখা গিয়েছিল। ভোট দিতে এসেছিলেন। সঙ্গে ছিলেন মা অভিনেত্রী আনোয়ারা।

১৯৯২ সালের সুপারহিট ছবি ‘চাঁদের আলো’ সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে সিনেমায় আসেন মুক্তি। এ ছবির গান ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’ দেশজুড়ে হয়েছিল জনপ্রিয়। ‘চাঁদের আলো’ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন ওমর সানী ও মুক্তি।

এর আগে গৌতম ঘোষের ‘পদ্মানদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মুক্তির।

জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে জমিদারের নাতনি চরিত্রে অভিনয় করে জয় করেন দর্শকের মন। ছবিটি দারুণ জনপ্রিয়। এরপর চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাসন রাজা’ ছবিতেও তাকে দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে।

এর কয়েক বছর পর আবারও মুক্তি অভিনয় করেন ‘তুমি আমার স্বামী’, ‘পিতা মিাতার আমানত’, ‘রিক্সাওয়ালার ছেলে’ সিনেমাতে। তারপর আর তাকে বড় পর্দায় দেখা যায়নি।

কিন্তু কেন? এই প্রশ্ন এসেছে বারবার। অবশেষে নায়িকা নিজেই জানিয়েছেন তার অভিনয় ছাড়ার কারণ। ২০২০ সালের ২২ অক্টোবর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নামাজ পড়তে অসুবিধা হয় বলে পাঁচ বছর ধরে অভিনয় করেন না।

মুক্তি লিখেছেন, ‘অনেকই জিজ্ঞেস করে, আমি অভিনয় ছেড়ে দিলাম কেন? আসলে সময়মতো নামাজ পড়তে আমার অসুবিধা হতো। তাই প্রায় পাঁচ বছর হলো আমি অভিনয় ছেড়ে দিয়েছি। ’

তার এই স্ট্যাটাসের নিচে অনেকেই এই সিদ্ধান্তের জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। তবে কেউ কেউ বলছেন তার অভিনয় মিস করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *