দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রূপের পাশাপাশি জয়া আহসানের অভিনয় দক্ষতা সবসময়ই দর্শকদের মুগ্ধ করে। কলকাতার আসন্ন সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’ ছবির শ্যুটিং শুরু করেছেন এ অভিনেত্রী।
ছবিটি পরিচালনায় সুমন মুখোপাধ্যায়। ছবিতে কুসুমের চরিত্রে দেখা যাবে জয়াকে। এই প্রথমবার পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।
মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত জনপ্রিয় উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’। ছবিতে কুসুমের লুকের ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জয়া।
‘পুতুলনাচের ইতিকথা’-এ প্রধান চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, জয়া আহসান, পরমব্রত চট্টোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।
ভারত থেকে টেলিফোনে এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন জয়া আহসান।
প্রশ্ন: ‘পুতুল নাচের ইতিকথা’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিশ্চয়ই?
জয়া আহসান: হ্যাঁ। সিনেমাটিতে অভিনয় করছি কুসুম চরিত্রে। এর মধ্যেই ৫০ ভাগ শুটিং শেষ করেছি। পুরোদমে শুটিং চলছে। খুব ভালো পরিবেশে শুটিং হচ্ছে। টানা কয়েকদিন শুটিং করব।
প্রশ্ন: উপন্যাসের কুসুম হয়ে উঠতে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে?
জয়া আহসান: কুসুম চরিত্রের জন্য আমাকে নতুন গেটআপ নিতে হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় তার সময়ের সমাজের কথা বলেছেন উপন্যাসটিতে। সেই সময়কে তুলে ধরা হয়েছে। সেই সমাজকে তুলে ধরা হয়েছে। সাহিত্য নির্ভর কাজ মানেই নতুন চ্যালেঞ্জ নতুন ভালো লাগা। এটা আমার ভেতরেও কাজ করেছে। ভালো একটি সিনেমার জন্য এবং ভালো একটি চরিত্রের জন্য চ্যালেঞ্জ নিতে সব সময় আগ্রহী। আমার বিশ্বাস একটি ভালো সিনেমা হবে।
প্রশ্ন: পরিচালক ও সহশিল্পীদের নিয়ে বলুন।
জয়া আহসান: সুমন মুখোপাধ্যায় একজন সুনির্মাতা। বেশ কয়েকটি ভালো সিনেমা পরিচালনা করেছেন। সহশিল্পীরাও অনেক ভালো ভালো সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। পরিচালক যেভাবে অভিনয় করতে বলছেন, সেভাবেই কাজটি করছি। ভালো একজন পরিচালকের সিনেমায় অভিনয় করে বাড়তি আনন্দ পাচ্ছি। সহশিল্পীরা অনেক পজিটিভ। তাদের সঙ্গে অভিনয় করেও ভালো লাগছে।
প্রশ্ন: কুসুম চরিত্রটি নিয়ে বলুন?
জয়া আহসান: কুসুম ২৩ বছরের এক তরুণীর যে কিনা রহস্যময় এক চরিত্র। কুসুমের চরিত্রে আছে খামখেয়ালিপনা এবং খাপছাড়া একটা স্বভাব।
প্রশ্ন: কতদিন আগে প্রথমবার উপন্যাসটি পড়েছিলেন?
জয়া আহসান: উপন্যাসটি পড়েছিলাম অনেক আগে। স্কুলজীবনে। কখনো ভাবিনি বহু বছর আগে পড়া ভালো লাগার উপন্যাস নিয়ে সিনেমায় অভিনয় করব। সত্যি কথা বলতে, আমি এখন পুরোপুরি কুসুম। আমার ভেতরে কুসুম বসবাস করছে।
