জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা ৪ হাজার পর্যটক

কক্সবাজার- বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। ফলে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় চার হাজার পর্যটক।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকদের আরও একদিন দ্বীপে অবস্থান করতে হবে।

গতকাল রোববার রাতে কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিনগামী সব ধরনের জাহাজ চলাচল ১ দিনের জন্য বন্ধ ঘোষণা করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ১ দিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় পর্যটকদের আবাসিক হোটেলের কক্ষ ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে জাহাজ চলাচল আবার শুরু হবে বলেও জানান তিনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, হঠাৎ জাহাজ বন্ধ হওয়ায় ৪ হাজার পর্যটক আটকা পড়লেও এ সংখ্যা আরও কমতে পারে। কারণ অনেক পর্যটকের নিজ উদ্যোগে সেন্টমার্টিন ত‍্যাগের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *