বিয়ের আনুষ্ঠানিকতার পরই স্বামী সনি পোদ্দারকে নিয়ে হানিমুনে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে উড়াল দেওয়ার কথা ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। কিন্তু, করোনার কারণে সেটা সম্ভব হয়নি।
তাই তো বিশ্ব ভালোবাসা দিবসের পরই মিম উড়াল দিয়েছেন মধুচন্দ্রিমার সারতে। মালদ্বীপের একটি দ্বীপে পাঁচ দিন (১৫-১৯ ফেব্রুয়ারি) একান্তে সময় কাটিয়েছেন নায়িকা; সেসব ছবি অন্তর্জালে শেয়ার করে ভক্তদের আভাসও দিয়েছেন একান্ত সেসব সময়ের।
মধুচন্দ্রিমা সেরে মিম ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘মালদ্বীপে আমরা একটি দ্বীপে ছিলাম, যা শহর থেকে বিচ্ছিন্ন ও শান্ত জায়গা। আমরা পানিতে নামিনি, কারণ আমরা দুজনেই পানি ভয় পাই। জাপানি, ইতালীয় ও ভারতীয় খাবার পাঁচ দিনে প্রচুর খেয়েছি। ওজন বেড়েছে চার কেজি, আজ থেকে জিম শুরু করেছি। অনেক কেনাকাটা করেছি; প্রসাধনী, পারফিউম থেকে শুরু করে পোশাকে আমার ব্যাগ ভর্তি।’

৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মডেল ও অভিনয়শিল্পী মিম, ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মিম জানান, ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল; দুই পরিবারের সম্মতিতে সেই সম্পর্ক নতুন রূপলাভ করেছে।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম।
হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।
মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।
