‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি বিজয়ী হয়েছেন।
আর ‘গোর’ সিনেমায় অনবদ্য অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন রোজালিন দীপান্বিতা মার্টিন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।
বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও গাজী রাকায়েতের পরিচালিত‘গোর’ (দ্য গ্রেভ)। দেশ বিদেশে আলোচিত এই সিনেমাটি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। এই সিনেমাতে অভিনয়ের জন্যই পুরস্কৃত হচ্ছেন দীপান্বিতা। একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন নির্মাতাও।
‘গোর’ ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল বছরের মে মাসে। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে আছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম।
দীপান্বিতা মার্টিন ছাড়াও একজন গোর খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, শামীমা তুষ্টি প্রমুখ।
অন্যদিকে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ২০২০ সালের আরেক আলোচিত ছবি ‘বিশ্বসুন্দরী’র জন্য পুরস্কৃত হচ্ছেন সিয়াম আহমেদ। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি। এটি চয়নিকা চৌধুরীর নির্মিত প্রথম সিনেমা।
