মুনিয়া হত্যা মামলায় শারুনের সাবেক স্ত্রী মিম গ্রেফতার

ঢাকা- কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইফা রহমান মিমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ মঙ্গলবার দিনভর তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় গ্রেফতার দেখানো হয়েছে। এরআগে সকালে ধানমন্ডির বাসা থেকে পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় মিমকে।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মিম জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সাবেক স্ত্রী। মিম এ হত্যা মামলার ৬ নম্বর আসামি।

ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গত ২৬ এপ্রিল রাতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন তার বোন নুসরাত জাহান তানিয়া। আনভীরের বিরুদ্ধে মুনিয়াকে বিয়ের প্রলোভনে সম্পর্ক এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনেন তিনি। আনভীরের বিরুদ্ধে মামলায় গত ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

পরে গত ৬ সেপ্টেম্বর নুসরাত জাহান বাদী হয়ে মুনিয়াকে ‘ধর্ষণের পর হত্যার’ অভিযোগ এনে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আট জনকে আসামি করা হয়। আদালত গুলশান থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *