চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২০ সালের সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, এবার ২৭টি ক্যাটাগরিতে ৩১ জনকে এই স্বীকৃতি জানানো হচ্ছে।
এতে আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান দুই বর্ষীয়ান তারকা আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
অন্যদিকে গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সর্বোচ্চ ১১টি পুরস্কার জিতে নিয়েছে। ৮টি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।
এ ছবি দুটিই যৌথভাবে সেরা নির্বাচিত হয়েছে। এমনকি সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন এই চলচ্চিত্র দুটি থেকে। এরমধ্যে ‘বিশ্বসুন্দরী’ সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও ‘গোর’ থেকে দীপান্বিতা মার্টিন হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী।
এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আড়ং’। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী) ও অপর্ণা ঘোষ (গণ্ডি)। খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর (বীর)। শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পেয়েছে মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)। শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে মো. শাহাদৎ হাসান বাঁধন (আড়ং, সরকারি অনুদানপ্রাপ্ত)।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন বেলাল খান (হৃদয় জুড়ে)। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন প্রয়াত মো. সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা (বিশ্বসুন্দরী) ও সোমনূর মনির কোনাল (বীর)।
শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন কবির বকুল (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ সুরকার বিভাগে পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)।
শ্রেষ্ঠ কাহিনিকার বিভাগে পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন ফাখরুল আরেফীন খান (গণ্ডি)। শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার পেয়েছেন মো. শরিফুল ইসলাম (গোর)।
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে পুরস্কার পেয়েছেন উত্তম কুমার গুহ (গোর)। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পেয়েছেন পঙ্কজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ (গোর)। শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে পুরস্কার পেয়েছেন কাজী সেলিম আহম্মেদ (গোর)। শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জায় পুরস্কার পেয়েছেন এনামতারা বেগম (গোর)। শ্রেষ্ঠ মেকআপম্যান হিসেবে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আলী বাবুল (গোর)।
