Home ফিচার কোস্টগার্ডের প্রয়োজনে যা দরকার সরকার তা-ই করবে: প্রধানমন্ত্রী

কোস্টগার্ডের প্রয়োজনে যা দরকার সরকার তা-ই করবে: প্রধানমন্ত্রী

0
251

ঢাকা- কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন সেটা সরকার করবে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় সততা, দেশপ্রেম ও ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করে কোস্টগার্ড সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ‘দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমি আশা করি। এ বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় যা যা করা দরকার, অবশ্যই আমাদের সরকার তা করে যাবে।’

বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে বিশাল সমুদ্রসীমা অর্জনের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ আর্থ সামাজিক কাজে লাগুক, সেটাই আমাদের বেশি প্রয়োজন, গুরুত্বপূর্ণ। নদীমাতৃক বাংলাদেশ, সেই দেশকেও নিরাপদ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান একান্তভাবে দরকার। সেজন্য কোস্টগার্ড এই দায়িত্বটা যথাযথভাবে পালন করে যাচ্ছে।’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের এ অঞ্চলটা, বিশেষ করে বে অব বেঙ্গল আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে, আমাদের এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করা প্রয়োজন এবং সেদিকে যথাযথ ব্যবস্থা নেয়াও দরকার।’

দক্ষিণাঞ্চলে আরও একটি শিপইয়ার্ড করার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘ভবিষ্যতে আরেকটি আকাঙ্ক্ষা আছে যে, আমরা আরেকটি শিপইয়ার্ড করতে পারব দক্ষিণাঞ্চলে। সেটা হয়তো ভবিষ্যতে আমরা দেখব। জায়গা আমরা দেখে রেখেছি।’

কোস্টগার্ডের আধুনিকায়নের বাহিনীর বহরে উন্নত প্রযুক্তির জাহাজ হোভারক্রাফট, দ্রুত গতির বোট যুক্ত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here