নিপুণ-জায়েদের দ্বন্দ্ব: হাইকোর্টে রুল শুনানি ২২ ফেব্রুয়ারি

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে জায়েদ খান নাকি নিপুণ আক্তার বসবেন সে বিষয়ে হাইকোর্টের রুল শুনানি হবে ২২ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ দিন ধার্য করেন।

নিপুণের আইনজীবী সময় চাওয়ায় ২২ তারিখ শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে পারবেন না বলে জানান আপিল বিভাগ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

শুনানিতে নিপুণের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, রিটে কিছু নথিপত্র সংযুক্ত করার জন্য নায়ক জায়েদ খানের পক্ষ থেকে এফিডেভিট আকারে জমা দেওয়া হয়েছে। সেগুলো আমরা আজ সকাল সাড়ে ১০টায় হাতে পেয়েছি। এসব নথিপত্র স্ট্যাডি করার জন্য আদালতের কাছে সময় চাওয়া হয়। তখন আদালত এ রুলের শুনানির জন্য আগামী মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *