ঢাকা- করোনাভাইরাস মহামারির মধ্যে নির্ধারিত সময়ের আট মাস পরে নেয়া ২০২১ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসির ফল ঘোষণার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।
গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেলা পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।
আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখবে। এরপর তা ১৬২২২ নম্বরে এসএমএস আকারে পাঠাবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে
TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
