চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিত হওয়া সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা এখনো কাটেনি। রোববার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানির কথা থাকলেও তা পিছিয়েছে। ফলে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আবেদনের ওপর শুনানি হবে সোমবার (১৪ ফেব্রুয়ারি)।
নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণাদেব নাথ।
আজ আদালতে নিপুণের আবেদনটি শুনানির জন্য উঠলে তার আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন বলেন, মাই লর্ড আমরা হাইকোর্টের আদেশের কপি পেয়েছি। আজই লিভ টু আপিল (সি.পি) দায়ের করব। আগামীকাল শুনানি হলে ভাল হয়। তখন আদালত বলেন, তাহলে আমরা আগামীকাল শুনব। এটা আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির এক নম্বরে থাকবে।
আদালতে নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ।
