গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগরকে হারিয়ে সভাপতি পদে জয়লাভ করেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। নির্বাচিত হয়েই শিল্পীদের জন্য কাজ শুরু করেছেন এ অভিনেতা।
ইতিমধ্যে অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী জুটির প্রথম কাজ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ দেখার আহ্বান জানিয়েছেন তিনি। এবার হলে বসে টিমের সঙ্গে সিনেমাটি উপভোগ করলেন ইলিয়াস কাঞ্চন। পরে জানান, ‘দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমাটি তার কাছে ভালো লেগেছে’।
শুক্রবার সকালে রাজধানীর মধুমিতা সিনেমা হলে সশরীর হাজির থেকে সিনেমার প্রচারণা করেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এ নায়ক। এসময় ইলিয়াস কাঞ্চন দর্শকদের হলে গিয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি দেখার জন্য আহ্বান জানান।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চাই না জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এই ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাক। দর্শক সিনেমা হলে কম আসায় সিনেমা ভালো চলে না। সে জন্য দর্শকদের হলে আসার অনুরোধ জানাই। শিল্পীদের বলবো, আপনারা কাজে আরও বেশি মনোযোগ দিন। পরিচালকরা যেন তাদের দক্ষতা প্রমাণ করে আরও ভালো করে সিনেমা নির্মাণ করেন।’
ইলিয়াস কাঞ্চন বলেন, চলচ্চিত্রের খারাপ অবস্থার জন্য কিছু ভুল কাজ কাজ দায়ী। সেই ভুলটা থেকে শিক্ষা নেয়া উচিত। এসব ভুলের মধ্যে পাইরেসি, অশ্লীলতা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এসব ভুল যেন আমাদের আর না হয়। মানুষের সিনেমা দেখার জন্য আগ্রহ তৈরি করাতে হবে। সেই আগ্রহ বাড়ানোর জন্যই আজকে প্রথমদিন সকালে উঠেই আমি সিনেমা হলে এসেছি।
ইলিয়াস কাঞ্চনের পাশাপাশি তার শিল্পী সমিতির নির্বাচনী প্যানেলের সদস্য নিপুণ, সাইমন সাদিকরা নিজেদের ফেসবুকেও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর পোস্টার শেয়ার করে দর্শকের হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান।
উল্লেখ্য, আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশের ২৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি।
রোম্যান্টিক ও কমেডি ঘরানার সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। বাপ্পী-অপু ছাড়াও এতে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। নির্মাতা দেবাশীষ জানিয়েছেন, মুখ্য চরিত্রে বাপ্পী-অপু থাকলেও এই সিনেমার নায়ক সাদেক বাচ্চু। রহস্যটা অবশ্য খোলাসা করেননি তিনি। সিনেমা হলে গিয়েই এর কিনারা করতে হবে।
এই সিনেমার সঙ্গে যুক্ত দু’জন গুণী মানুষ এখন বেঁচে নেই। একজন সাদেক বাচ্চু, অন্যজন এর সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। সিনেমাটিতে গান গেয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় আরও আছেন ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।





