কর্নাটকের ঘটনার প্রতিবাদে হিজাব পরে দিল্লিতে ছাত্রীদের বিক্ষোভ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে একটি সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ওপরে বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে দেশটির রাজধানী দিল্লিতেও বিক্ষোভ হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরার বিষয়ে বিধিনিষেধের বিরুদ্ধে মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে বিক্ষোভের আয়োজন করে দ্য মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামে একটি ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে আয়োজিত ওই বিক্ষোভে বহু শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে অনেক মেয়ে শিক্ষার্থীও ছিলেন এবং হিজাব পরেই তারা সেখানে বিক্ষোভ করেন।

এসময় কর্ণাটকের আন্দোলনকারীদের সমর্থনে তারা বিভিন্ন ব্যানার বহন করেন। ব্যানারে লেখা ছিল – ‘আমরা, মোহাম্মদ (সাঃ) এর অনুসারী। আমরা ঘৃণার বিরুদ্ধে লড়াই করবো’ এবং ‘কর্ণাটকের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কর্নাটকের একটি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত কিছু বিধিনিয়ম জারি করে। তাতে বলা হয়, হিজাব পরে ক্লাস করা যাবে না। ওই সিদ্ধান্তের পর কয়েক সপ্তাহ ধরে কর্নাটক রাজ্যে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত এই বিতর্ক কর্নাটক রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ফলে স্কুল-কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি এখন রাজ্যের উচ্চ আদালতে পৌঁছেছে।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনদিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করলেও মঙ্গলবার সেখানকার একটি কলেজে হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

ক্যামেরায় ধরা পড়া শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে। এই ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের একটি কলেজ চত্বরে হিজাব পরা এক ছাত্রী হাঁটছেন। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে ঘিরে হিজাববিরোধী স্লোগান দেন এবং হেনস্তা করেন।

শত শত তরুণের সামনে একাই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে কর্ণাটকের মুসকান নামের ওই মুসলিম ছাত্রী। আর এই ঘটনা ঘটেছে কর্ণাটকের মান্দিয়া প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *