বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়া চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাশে আছেন বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নজর২৪কে তিনি বলেন, সম্প্রতি আপিল বোর্ডের রায়ে নিপুণ আপা জয়ী হয়েছে। গতকাল শিল্পী সমিতির শপথের পর দেশের লাখো লাখো জনগণ তাদের অভিনন্দন জানিয়েছে। এতেই বোঝা যায় দেশের জনগণ এই প্যানেলকে কতটা ভালোবাসে।
এদিকে সোমবার চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
এ বিষয়ে হিরো আলম বলেন, আদালত সবার জন্য সমান, আইনের ঊর্ধ্বে কেউ নন। যেহুতো বিষয়টি আদালতের পর্যায়ে গেছে, আদালতের রায়ই আমাদের মেনে নিতে হবে।
তিনি বলেন, আইনের একটি ধারা আছে। চাইলে নিপুণ আপাও এখন আদালতে মামলা করতে পারবেন। আইনের উপর আমাদের শতভাগ আস্থা আছে। আমি নিপুণ আপার প্যানেলের পাশে আছি।
এসময় হিরো আলম আরও বলেন, আমার সিনেমা নির্মাণের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনের সম্পর্ক নেই। অভিমান ভুলে আমি আগের মতোই বাংলাদেশে কাজ করব। কারণ দেশের মানুষ আমাকে অনুরোধ করেছেন যে আপনি নিজের যোগ্যতায় এই অবস্থানে এসেছেন। তাহলে আপনি মানুষের কথা শুনে কেন দূরে চলে যাবেন।
এর আগে সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কারণে এফডিসিতে গিয়ে অপমানিত হওয়ায় বাংলাদেশে আর কোনো সিনেমায় কাজ করবেন না বলে জানিয়েছিলেন হিরো আলম।
তবে গতকাল শনিবার সন্ধ্যায় আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করায় বাংলাদেশি সিনেমায় কাজ করার কথা জানান হিরো আলম।
পরে নজর২৪কে তিনি বলেছিলেন, ‘আপনারা জানেন, আমি বাংলাদেশের সিনেমা না করার ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম আর কখনও এফডিসিতেও যাব না। কিন্তু আজ আমার প্যানেল জয়ী হয়েছে। এতে আমি অনেক খুশি হয়েছি, তাই সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমি আবার দেশে সিনেমা বানাবো।’
