২৪ ঘন্টাও পদে থাকতে পারলেন না নিপুণ!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়ার পরদিনই ক্ষমতা হারালেন নায়িকা নিপুণ। গতকালই (রোববার) চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

এদিন সন্ধ্যায় প্রথমে ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান প্রাক্তন সভাপতি মিশা সওদাগর। এরপর অন্যান্য পদে বিজয়ীদের শপথ পাঠ করান সভাপতি কাঞ্চন।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মিশা সওদাগর। এরপর তারা নির্ধারিত চেয়ারে বসেন এবং হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হন।

কিন্তু আজ এই নায়িকাকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতের দেওয়া এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘আদালতে ন্যায়বিচার পেয়েছি। আমি রায় পেয়েছি আপিল বোর্ড অবৈধ বলা হয়েছে। আমিই জয়ী সাধারণ সম্পাদক।’

তিনি আরও যোগ করেন, ‘মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ। আদালত বলেছেন, আমার কাজে কোনো বাধা নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। বাংলাদেশের বিচার বিভাগ যে স্বাধীন, তা ফের প্রমাণ হলো। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে।’

তবে এ বিষয়ে চিত্রনায়িকা নিপুণের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জায়েদের কাছে ১৩ ভোটে হেরে যান নিপুণ। কিন্তু নির্বাচনের ফল মেনে নেননি এই নায়িকা।

পরে তিনি জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ বেশ কয়েকটি অভিযোগ করেন। পাশাপাশি কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলেন।

বিষয়টি সুরাহা করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নির্দেশ দেয় নির্বাচনের আপিল বোর্ডকে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক বৈঠক শেষে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করেন।

জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আবেদন করলে সোমবার হাইকোর্ট এই সিদ্ধান্ত স্থগিত করে জায়েদ খানের জয় বহাল রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *