বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনকে ঘিরে নাটকীয়তা যেন থামছেই না। আজ (সোমবার) জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
আদালতের দেওয়া এই রায়ে শুকরিয়া আদায় করেছেন জায়েদ খান। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ’।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেন, ‘হাইকোর্টের আদেশ আমার পক্ষে এসেছে। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। মহামান্য হাইকোর্টও আমার পক্ষে আদেশ দিলেন।’
ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় এর আগে গত ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেছিল আপিল বোর্ড। এরপর গতকাল (৬ ফেব্রুয়ারি) সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণসহ নতুন কমিটির ১০ জন শপথ নিয়েছেন।
এর আগে সোমবার সকালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান।
