ঢাকা- মিল মালিকদের আবেদনের এক মাস পর তাদের প্রস্তাব মতোই এই দাম বাড়িয়েছে সরকার, যা সোমবার থেকে কার্যকর হবে।
রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে নতুন দর কার্যকরের সিদ্ধান্ত হয়।
নতুন দাম অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৮ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৯৫ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বাড়বে ৭ টাকা। তাতে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৪৩ টাকায়। প্রতি লিটার পাম তেলের দাম ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সয়াবিন তেলের দাম বাড়াতে গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই দাম বাড়ল।
সর্বশেষ ২০২১ সালের ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল। বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৭৬০ ও পাম তেলের দাম ছিল প্রতি লিটার ১১৮ টাকা।
