আর নেই বাঘীনি ‘শাওন’, শূন্য চিড়িয়াখানা

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার একমাত্র বাঘিনী ‘শাওন’ মারা গেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে খাঁচাবন্দী থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ফলে এখন বাঘ শূন্য রংপুর চিড়িয়াখানা।

শনিবার সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার।

এসময় তিনি বলেন, খাঁচায় একটি মাত্র বাঘিনী ছিল। এই বাঘিনীকে শাওন নামে ডাকা হতো। ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়। এটির জন্ম ২০০৩ সালের ৩০ জুন। বয়স হয়েছিল ১৮ বছর সাত মাস।

মৃত্যুর কারণ হিসেবে তিনি বলেন, এ বাঘের বয়স বেশি হয়েছিল। বাঘ সাধারণত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত বাঁচে। সে অনুযায়ী বার্ধক্যের কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ময়নাতদন্ত শেষে চিড়িয়াখানাতেই পরিবেশ সম্মতভাবে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে। দেশে দুটি সরকারি চিড়িয়াখানার মধ্যে রংপুর একটি।

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে রংপুর নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে রংপুর চিড়িয়াখানাটি গড়ে ওঠে। এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়।

প্রায় ২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটিতে ৩৩ প্রজাতির ২৬০টি প্রাণী রয়েছে। এরমধ্যে সিংহ, বাঘ, জলহস্তী, হরিণ, অজগর সাপ, ইমু পাখি, উটপাখি, বানর, কেশওয়ারি, গাধা, ঘোড়া, ভাল্লুক উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *