ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। আনন্দচিত্তে তারা সরস্বতী দেবীর পূজা করেছেন।বাদ যাননি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও। তিনিও পূজা দিয়েছেন।
পূজা করার মুহূর্তে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট দেন অপু। তাতে দেখা গেল, একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পূজা করছেন নায়িকা। এ সময় অপুর পরনে ছিল হলুদ শাড়ি, আর জয়কে পরিয়েছেন পাঞ্জাবীর ওপর কোট।
জানা গেছে, বগুড়ায় অপু বিশ্বাসের গ্রামের বাড়িতে এই পূজা হয়েছে। সেখানে তাদের পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীও অপুদের বাড়ির পূজায় গিয়েছিলেন।
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন দেশের শীর্ষ জনপ্রিয় নায়ক শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম হয়। অপু-শাকিবের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকছে জয়।
