ভূঞাপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৮০০ জনের নামে মামলা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বালু মহাল দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ভূঞাপুর থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের পর থেকেই এলাকায় গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। এ কারণে অনেক পুরুষ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় বালু মহাল দখল করতে যায় সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার ও তার লোকজন। খবর পেয়ে বাধা দেন বর্তমান নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বহিষ্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদের সমর্থকরা।

এসময় পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষকে প্রতিহত করতে ৪ রাউন্ড গুলিও করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাত রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে দুই পক্ষের লোকজনদের ছত্রভঙ্গ করে দেয়।

মামলার বিষয়ে ভূঞাপুর থানার ওসি মো. আব্দুল ওহাব জানান, বালুঘাটের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গুলি করার কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত হচ্ছে।

সংঘর্ষের সময়ের ভিডিও দেখে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বালুঘাট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *