‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’, লেখা একটি বিজ্ঞাপনের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ব্যাপক আলোচনার সৃষ্টি হয় দেশজুড়ে।
জানা যায়, টিউশনি খুঁজতে এমন একটি পোস্টার লাগিয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মো. আলমগীর কবির। কি অবস্থায় আছেন সেই যুবক, সাহায্য প্রয়োজন কিনা তা খুঁজে দেখতে কাজ করছে পুলিশ। এর আগে জানা যায় চাকরির অভাবে শুধুমাত্র খাবারের চাহিদা নিশ্চিত করতে এই বিজ্ঞাপন দিয়েছেন তিনি।
গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ইতোমধ্যে সমাজের বিভিন্ন বিত্তবান ব্যক্তিরা তাকে সাহায্য করতে চেয়েছেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার পর তাকে নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর সার্কেলের এডিশনাল এসপি মো. সরাফাত ইসলাম বলেন, বিজ্ঞাপনটি দেখার পরপরই আমরা তার বিষয়ে খোঁজ খবর নেয়ার শুরু করেছি। প্রাথমিকভাবে বিষয়টিকে মানবিক মনে করে তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার বিষয়ে কেউ বিস্তারিত তথ্য দিতে পারেনি।
সদর থানার ইনচার্জ সেলিম রেজা বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর থেকেই ওই যুবকের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ফোন নম্বরটি বন্ধ থাকায় তাকে পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, ওর মতো তো আরও অসংখ্য বেকার যুবক আছে। ওর ঘটনাটি আসলে কী? সে যা বলছে আসলে তার সত্যতা কতটুকু এটাই আমরা খোঁজ নিতে চাই। তার প্রয়োজন পড়লে সহযোগিতা করা হবে।
জানা গেছে, আলমগীর কবির নামের ওই যুবক বগুড়ার জহুরুল নগর এলাকার বিভিন্ন জায়গায় ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এমন লেখা পোস্টার সাঁটিয়ে দেন। এরপর তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজেও দেন। সেই পোস্টটি ভাইরাল হয়। অন্যদিকে দেশি মিডিয়া ছাড়াও তার পোস্টটি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও নিউজ করা হয়।





