আগামী ২ দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস

চলমান শৈত্য প্রবাহের বিস্তৃতি এবং মাত্রা দুটোই কমেছে। বর্তমানে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশে মেঘ এসে জড়ো হয়েছে। দেশের উপকূলীয় জেলাগুলোতে মেঘের পরিমাণ আরও বেশি। মেঘের এই বিস্তার শীতের ঠান্ডা বাতাসকে আটকে দিচ্ছে। ফলে আজ মঙ্গলবার দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বেড়েছে। কমেছে শীতের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামীকাল বুধবারের মধ্যে দেশের বেশির ভাগ এলাকার আকাশে মেঘ আর দৃষ্টিসীমাজুড়ে কুয়াশা বাড়তে পারে। খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু–একটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার দেশের বেশির ভাগ এলাকা থেকে শৈত্যপ্রবাহ সরে গেছে। আজ শুধু রংপুর বিভাগ, নওগাঁ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগামীকাল বুধবার এসব এলাকা থেকেও শৈত্যপ্রবাহ সরে যেতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অন্যান্য স্থানে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার রাজধানীসহ দেশের আরও কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত খুব অল্প সময়ের জন্য সামান্য পরিমাণে হতে পারে।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়, ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *