মহামারি করোনাভাইরাসের জন্য পুরো বিশ্ব জুড়েই এখন আতঙ্ক বিরাজ করছে। এর জন্য অনেকটাই ভাটা পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। ভাইরাসের জন্য বন্ধ হয়ে যায় সকল দেশের শুটিং ব্যবস্থাপনা। যদিও ধীরে ধীরে সুবাস বইতে শুরু করেছিল কিন্তু ভাইরাসরটি প্রভাভ এখনও রয়ে গেছে। তারপরও স্বাস্থ্যবিধি মেনে কিছু শুটিং চলছে।
এর ধারাবাহিকতায় এফডিসিতে শুরু হলো সিনেমার শুটিং। আর এতে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমার মাধ্যমে তিনি দুই বছর পর শুটিংয়ে ফিরলেন। তার বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সিনেমাটির প্রথমদিনের শুটিং হয়েছে এফডিসি ও হাতিরঝিলে। পুরো মাস ধরেই রাজধানী ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এর শুটিং চলবে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এবং তিনি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
ববি বলেন, করোনার সংক্রমণের মাত্রা যখন বেশি ছিল সেই সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কয়েকদিন বাসা থেকে বের হয়েছিলাম। তখন হাত পা কাঁপছিল। এখন পরিস্থিতি কিছু স্বাভাবিক তাই কাজে ফিরেছি। আর কাজে ফিরতে পেরে মনে হচ্ছে নতুন জীবনে ফিরলাম।
ববি আরও বলেন, সিনেমার গল্প দারুণ, নতুনত্ব আছে। এতে আমার লুকের ভিন্নতা খুঁজে পাবেন দর্শকেরা। রাশিদ পলাশের সঙ্গে আমার প্রথম কাজ এটি। আশা করি ভালো কিছু একটা উপহার দিতে পারব সবাইকে। সামনে বিগ বাজেটের আরও কয়েকটি কাজ করার কথা রয়েছে। সবকিছু চুড়ান্ত হলে সবাইকে জানতে পারব।
পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, একটি বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে ববির সঙ্গে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে শিরিন শিলাকে।
সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন। প্রযোজনায় আজ ইন্টারন্যাশনাল লিমিটেড। এর আবহ সংগীত ও গান তৈরি করছেন এই প্রজন্মের মেধাবী সংগীত পরিচালক জাহিদ নিরব।
