মাঘের শীতে কাঁপছে সারা দেশ। শিগগিরই তাপমাত্রা খুব বেশি পরিবর্তনের আভাস নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘পশ্চিমের লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। ২৩-২৪ তারিখে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আকাশ মেঘলা থাকার কারণে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বৃষ্টির পর শীতের তীব্রতা আরও বাড়তে পারে।’
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, খুলনা বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া হালকা মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে, ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া ময়মনসিংহে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
