আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি এখন সরগরম। এর মধ্যেই চিত্রনায়ক ইমনকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে এফডিসিতে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রিয়াজ ও নিপুনের একটি মিছিল শিল্পী সমিতির সামনে দিয়ে অতিক্রম করছিল। মিছিলে নায়ক ইমনসহ আরো অনেকেই ছিল। এসময় ওই স্থানে মিশা সওদাগরের সঙ্গে থাকা এক যুবক মিছিলে থাকা ইমনকে ধাক্কা মারে। ইমন বিষয়টিতে বিস্মিত হয়ে মিশার দিকে এগোলে যুবকটি ফের ধাক্কা মারে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইমন বলেন, ‘আমি মিশা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে এক যুবক আমাকে আমাকে ধাক্কা মারে। আমি পরিচয় দিলেও সে ফের ধাক্কা মারে। আমি বিষয়টিতে বিস্মিত হয়ে যাই। মিশা ভাই মিমাংশা করে দিতে চাইলেও ছেলেটি হিংস্র আচরণ দেখায়। আমি চলে আসি।’
নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হচ্ছে জানিয়ে নিপুন বলেন, ‘আমরা এই কাণ্ডে মর্মাহত। বহিরাগত দ্বারা আমাদের প্রার্থীর গায়ে আঘাত করা হচ্ছে। আমরা নাকি বহিরাগত নিয়ে আসি! কারা বহিরাগত নিয়ে আসছে এটা সবাই জানে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছি।’
