ফেসবুকে ‘মৃত’ দেখাচ্ছে জায়েদ খানকে!

এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মৃত দেখাচ্ছে ঢাকাই ছবির আলোচিত নেতা-অভিনেতা জায়েদ খানকে! শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল থেকে জায়েদ খানের ভেরিফায়েড প্রোফাইলটিতে ঢুকতেই দেখা মেলে তার অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করা আছে।

এমনকি পরিচিতদের শোক জানানোর সুযোগ দিতে চালু করা হয়েছে ‘ট্রিবিউট টু জায়েদ’ অপশনও। সাধারণত অ্যাকাউন্ট ব্যবহারকারীর মৃত্যুর পর তাঁর পেজে পরিচিতদের শোক জানানোর সুযোগ দিতে এমনটা করে থাকে ফেসবুক কর্তৃপক্ষ।

এর আগে গতকাল (২০ জানুয়ারি) একই ঘটনা ঘটেছে টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের প্রোফাইলেও।

এদিকে বিষয়টিকে ‘শয়তানি’ বলে আখ্যা দিয়েছেন জায়েদ খান। তিনি বলেন, ‘এটা শয়তানি করে কিছু মানুষ করেছে। যেন নির্বাচনী প্রচারণা আমি না চালাতে পারি।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য বিদায়ী এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘শুধু আমার ক্ষেত্রে নয়, একই চেষ্টা মিশা ভাইর ক্ষেত্রেও করেছে। বাট এগুলো করে লাভ নাই। একটি গ্রুপ এসব ষড়যন্ত্র করে চলেছে। জায়েদ খান জীবনের ঝুঁকি নিয়ে শিল্পীদের জন্য কাজ করেছে, তাকে কেউ রিমুভ করতে পারবে না।’

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচন। এটিকে ঘিরে গত এক সপ্তাহ ধরে জমে উঠেছে চলচ্চিত্র পাড়া। গত কয়েক বছরের নিয়মিত প্যানেল মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের বিপক্ষে নানা চমক নিয়ে এবার হাজির হয়েছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *