বিনোদন ডেস্ক- এফডিসি মানেই যেনো লাইট, ক্যামেরা আর অ্যকশনে-শব্দে মুখোর থাকা। স্বপ্নের তারকাদের উজ্জল উপস্থিতি আর ফ্লোরে ফ্লোরে নাচ-গান ও অভিননের মহড়া।
সেই এফডিসিতে এবার নির্মিত হলো তিন কোটি টাকা ব্যায়ে নান্দনিক মসজিদ। যে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী কাল (২০ জানুয়ারি)।
ঝর্ণা স্পটের যেখানে আগের মসজিটটি ছিলো সেখানেই নতুন এই মসজিদটি পুনঃনির্মিত হয়েছে। দু’তলাবিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারবেন।
মসজিদের ওপরের অংশের দু’পাশে নির্মিত হয়েছে সুউচ্চ মিনার। আর মাঝখানের গম্বুজের কারুকার্য এই মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
জানা গেছে, থার্মেক্স গ্রুপের এমডি নরসিংদীর দানবীর আবদুল কাদির মোল্লার অর্থায়নে পুনঃনির্মাণের কাজটি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মসজিদটি উদ্বোধন হবে।
মসজিদটির নির্মাণ সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত অভিনেতা সনি রহমান বলেন, মসজিদটি উদ্বোধন করবেন আবদুল কাদির মোল্লা নিজে উপস্থিত থেকে। এছাড়াও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, প্রযোজক, পরিচালক সমিতির নেতারা এবং শিল্পীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
মসজিদ নির্মাণে ব্যয় প্রসঙ্গে এই নায়ক বলেন, এখন পর্যন্ত পৌনে তিন কোটি টাকার মতো খরচ হয়েছে। সৌন্দর্য বর্ধণে তিনটি ঝাড়বাতি লাগানো হয়েছে। যা চিত্রনায়িকা নিপুন দিয়েছেন। এছাড়া কার্পেটের ব্যবস্থা করেছেন খাসজমিন সিনেমার প্রযোজক সুজন। উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করতে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ছাড়াও কয়েকজন সহযোগিতা করছেন।
এদিকে মসজিদটি উদ্বোধনের আগে এর সামনের অংশের ঝর্ণা স্পটসহ লাইটিং করা হয়েছে। গেট ডেকোরেশন, সাউন্ড এবং স্টেজও নির্মাণ করা হয়েছে সেখানে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১২ ডিসেম্বরে এফডিসি মসজিদের পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তুও স্থাপন করা হয়। মসজিদ নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছিলো ২ কোটি ৯ লাখ টাকা। পরে সৌন্দর্য বর্ধণে কিছু নকশা এবং লাশ গোসলখানা নির্মাণের ফলে ব্যয় বেড়ে যায়।
কাদির মোল্লা এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শতাধিক মসজিদ নির্মাণ করেছেন।
