আমাদের যা আছে, তা দিয়েই সামনে এগিয়ে যাব: প্রধানমন্ত্রী

ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কারও কাছে হাত পেতে নয়, আমাদের যা সম্পদ আছে, তা দিয়েই আমরা নিজেদের বিশ্বে মর্যাদাশীল করে গড়ে তুলেছি এবং আরও গড়ে তুলব, সামনে এগিয়ে যাব।’

বাংলাদেশ যেন তার সীমিত সম্পদ দিয়েই নিজের পায়ে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে কাজ করার জন্য সামরিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর মিরপুর সেনানিবাসে ঢাকা সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০২১-২২ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘‘আমি বিশ্বাস করি, আজ সত্যিই জাতির পিতার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেছিলেন- ‘একদিন বিদেশি বন্ধুরা আমাদের একাডেমিতে প্রশিক্ষণ নিতে আসবে।’ তাই হয়েছে। আমাদের ডিএসসিএসসি আন্তর্জাতিকভাবেও এক অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার বিদেশি প্রশিক্ষণার্থীরাই আমাদের শুভেচ্ছা দূত।’’

তিনি বলেন, ‘এক সময় বাংলাদেশ সম্পর্কে বিদেশে নেতিবাচক কথা ছিল। অবশ্য এখনও কিছু কিছু লোক আছে, আমাদের দেশের বদনাম করতেই বেশি পছন্দ করে। কিন্তু আমাদের আর্থসামাজিক উন্নয়নের ফলে এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং দেশের সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আমরা যে দক্ষতা দেখিয়েছি, তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

দেশের মর্যাদা ধরে রাখতে হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘ঠিক ’৭১ এর মুক্তিযুদ্ধের পর যে সম্মান আমরা পেয়েছিলাম। আবার ’৭৫ এর ট্রাজেডির পর যে সম্মান হারিয়েছিলাম। আজ আবার সেই সম্মান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে মর্যাদা পেয়েছে।’

গ্রাজুয়েটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এ কোর্সে আপনারা সামরিক জ্ঞান ও জাতীয়-আন্তর্জাতিক উচ্চতর জ্ঞান লাভ করেছেন। এ জ্ঞান আপনাদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। আমি চাই আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আন্তর্জাতিক মান সম্পন্ন হবে। এজন্য পদবি পরিবর্তন করা থেকে শুরু করে অনেক কাজ করে দিয়েছি। যাতে প্রতিটি সদস্য সমানতালে আন্তর্জাতিক পর্যায়ে চলতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *