নজর২৪ ডেস্ক- বিয়ের জন্য বয়স কোনো বাধা নয়। মনের বিশালতা ও পরিবারের সহযোগিতা থাকলে যেকোনো বয়সেই বিয়ে করা সম্ভব। কুমিল্লায় এক আইনজীবী ৯০ বছর বয়সে বিয়ে করলেন। আর এই বিয়েকে কেন্দ্র করে কুমিল্লার আদালতপাড়ায় বইছে উৎসবের আমেজ।
গতকাল সোমবার সন্ধ্যারাতে বিয়ের বিষয়টি আলোচনায় আসে। পাঁচ লাখ টাকা দেনমোহরের আড়াই লাখ টাকা নগদ প্রদান এবং পরিবারের সদস্যসহ অর্ধশতাধিক অতিথির উপস্থিতিতে শহরের দেশওয়ালীপট্টিতে পাত্রীর ভাড়া করা বাসায় এ বিয়ে সম্পন্ন হয়।
বর আইনজীবীর বয়স ৯০ বছর হলেও পাত্রীর বয়স ৩৯ বছর। এই বর হলেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
নতুন এই দম্পতির বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ রসঘন আলাপ চলছে। বরের বয়স নিয়ে অনেকেই রসিকতা করার চেষ্টা করছেন। তবে বেশিরভাগ মানুষই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।
তার প্রথম স্ত্রী মাহমুদা বেগম সাত বছর আগে মারা গেছেন। তাই নিঃসঙ্গতা কাটানোর জন্যই তিনি বিয়ে করেছেন। তিনি ১৯৭০ সালে কুমিল্লার আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এখনও তিনি নিয়মিত আদালতে যান, মামলা লড়েন।
বিয়ে প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেছেন, শেষ বয়সে শরীরে শক্তি থাকে না। এ সময় একজন সঙ্গী হলে পথচলা সহজ হয়। তাই বিয়ে করলাম।
বয়স নিয়ে তিনি বলেন, ৯০-৯৩ বলা হলেও আমার বয়স আসলে অত না। ৮৫-৮৬ হতে পারে।
