ভোট দিয়ে যা বললেন তৈমূরের মেয়ে মারিয়াম

নারায়ণগঞ্জ- বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে আর চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মেয়ে ব্যারিস্টার মারিয়াম খন্দকার সবাইকে হাতি মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সকালে নারায়ণগঞ্জ নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইরে ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ অনুরোধ জানান। আপনি আপনার ভোট দিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার মারিয়াম বলেন, আজকে সকালে আমি আমার ভোট দিয়েছি, সবাইকে অনুরোধ করছি হাতি মার্কায় ভোট দিবেন প্লিজ। কোনো সহিংসতা নেই।

ভোট দেওয়া শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, আজকে সকালে ভোট দিয়েছি। ভোটের বাইরের পরিবেশটা খুব সুন্দর। কিন্তু ভেতরে একটা সমস্যা হচ্ছে যে অনেকে ক্রমিক নম্বর দিয়ে আইডি নম্বর খুঁজে পাচ্ছে না। সেখানে যে নম্বর দিচ্ছে সেখানে আইডি নম্বরের সঙ্গে ক্রমিক নম্বরের মিল নেই। কিন্ত বাইরে এসে পরে সার্চ করে দেখছি সেটা ঠিক আছে। এখন ভেতরে এই সহযোগিতাটা আমরা পাচ্ছি না। বাকিটা ভেতরে আর কোনো সমস্যা নেই।

এর আগে, ভোট সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জয়ী হবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। সকাল সাড়ে ৮টায় মাজদাইর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি নিজের ভোট দেন।

নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

শীত আর কুয়াশা উপেক্ষা করেই সকালে ভোটাররা দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ভোটকে কেন্দ্র করে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

ভোটাররা বলছেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের সিটি মেয়রকে বেছে নেবেন। তারা আশা করছেন, ভোটগ্রহণের শুরু থেকে গণনা পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান থাকবে।

গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াত আইভী। এর আগে দুবার নাসিকের মেয়র নির্বাচিত হন তিনি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার, খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন দেয়ালঘড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন বটগাছ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস হাতঘড়ি এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ১১১ জন। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন চারজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *