একশ’ পারসেন্ট নিশ্চিত নৌকা জিতবে: আইভী

নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে সকালে বাসা থেকে বের হয়ে সরাসরি বাবা আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করেন সেলিনা হায়াৎ আইভী। সেখান থেকে বেলা ১১টার দিকে নগরীর শিশুবাগ বিদ্যালয়ে নিজের ভোট দিতে আসেন তিনি। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি একশ’ পারসেন্ট নিশ্চিত- নৌকা জিতবে ইনশাআল্লাহ। আইভী জিতবে ইনশাআল্লাহ।’

আইভী বলেন, মানুষ আমার পক্ষে আছে। গণজোয়ারের জয় হবেই হবে। বলেন, ভোটের পরিবেশ এখনও ঠিক আছে। আমি জানি না পরে কী হবে।

এ সময় তিনি ভোটকে কেন্দ্র করে যেকোনও ধরনের অরাজকতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে ভোট শুরুর পর পরই ভোটাধিকার প্রয়োগ করেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। নির্বাচনে মেয়র পদে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সকাল ৮টা ২৫ মিনিটে নগরীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে তৈমুর বলেন, আল্লাহপাকের মেহেরবানিতে সব মিডিয়ার রিপোর্ট, জনগণের যে ভোট, আল্লাহর রহমতে লক্ষাধিক ভোটের ব্যবধান হবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *