যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, অভিযোগ তৈমূরের

নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ করেছেন, সোনাকান্দা এলাকায় তার সমর্থক যুবদল নেতা মনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রোববার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ১৬নং ওয়ার্ডের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করিয়েছেন। মনোয়ার হোসেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ১১টার দিকে ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংক কেন্দ্রের সামনে থেকে পুলিশ মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। তিনি ভোট দিতে এসেছিলেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র দাস বলেন, ভোটকেন্দ্রে জোর করে প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টা করায় মনোয়ারকে আটক করা হয়েছে।

নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ভ্রমণ করে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি সকাল পর্যন্ত ভালোই লক্ষ করা গেছে। তবে ভোটগ্রহণে দীর্ঘ সময় লাগছে। ইভিএম সত্ত্বেও কেন এত সময় লাগছে, এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি দায়িত্বরত কর্মকর্তারা।

তবে ভোটাররাও স্বীকার করছেন, প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়ায় ভোটাররা বুঝে উঠতে পারছেন না। এতে প্রক্রিয়াটি বুঝতে এবং ভোট দিতে সময় লাগছে। এছাড়াও নারী ভোটারদের আঙ্গুলের ছাপে সমস্যা একটি বড় ভোট দিতে বেশি সময় লাগার অন্য একটি কারণ।

পাশাপাশি, মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে না দেয়ায় মোবাইল ফোন জমা দেয়া এবং ভোট সম্পন্ন করতে কিছুটা সময় বেশি লাগছে। তবে সব কেন্দ্রে এমন হচ্ছে না। কোনো কোনো কেন্দ্রে মোবাইল নিয়েই ঢোকা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *