বিনোদন ডেস্ক- সম্প্রতি বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন তিনি। পাত্রের নাম সনি পোদ্দার। পেশায় ব্যাংকার। তার বাড়ি কুমিল্লায়।
বিয়ের তিনদিন পর শ্বশুরবাড়িতে গেছেন মিম। সেখানে গত শুক্রবার (৭ জানুয়ারি) বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাই পরিবার নিয়ে ঢাকা থেকে উড়াল দিয়েছিলেন তিনি। কিন্তু জনপ্রিয় নায়িকা বলে কথা! প্রথম শ্বশুরবাড়ি যাত্রাকে একটু স্পেশাল তো করতেই পারেন।
ঠিক তাই; হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে গেছেন নায়িকা মিম। ঢাকা থেকে উড়ে যাওয়া হেলিকপ্টারটি অবতরণ করেছিল কুমিল্লা শহরের ইদগাহ মাঠে। সেখান থেকে গাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করেন নববধূ।
এই যাত্রায় মিমের সঙ্গে ছিলেন তার বাবা বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার।
হেলিকপ্টারে যাওয়া প্রসঙ্গে মিম বলেন, ‘শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে গিয়েছি। পেশাগত জীবনে দেশের নানা প্রান্তে হেলিকপ্টারে চড়ে গিয়েছি। কিন্তু এবারের যাওয়ার অনুভূতি ছিল ভিন্ন রকম। চমৎকার একটা দিন পার করেছি।’
শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান সেরে আবার ঢাকায় ফিরে এসেছেন মিম। নতুন সংসার প্রসঙ্গে মিম বলেন, ‘আমার নতুন পারিবার খুব ভালো, আমার মতই আরকি… আমার কাছে তাই আলাদা করে কিছু মনে হচ্ছে না।’
এদিকে ১১ জানুয়ারি মধুমন্দ্রিমায় মালদ্বীপে যাওয়ার কথা থাকলেও এ তারিখে যাওয়া হচ্ছে না। তারিখ পেছানো হতে পারে। কারণ বিয়ের পর বেশ কিছু আনুষ্ঠানিকতা সাড়তে হচ্ছে। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের মাঝামাঝ সময়ে মধুচন্দ্রিমা করতে মালদ্বীপে যাওয়া হবে তার।
এ প্রসঙ্গে মিম বলেন, সমুদ্র সৈকত আমার খুবই পছন্দের। এ কারণেই বিয়ের পর হানিমুনের জন্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপকেই বেছে নিয়েছি। তা ছাড়া এর আগে আমার কখনও মালদ্বীপে যাওয়া হয়নি। সেখানে রিসোর্টে নিজেদের মতো এই কয়েকটি দিন কাটাতে চাই আমরা। তবে মালদ্বীপে যাওয়ার বিষয়টি করোনা পরিস্থিতির ওপরও নির্ভর করছে।
গত ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বাগদান সারার পর ৪ জানুয়ারি বিয়ে করেন মিম। বাগদান জানিয়ে করলেও বিয়ে অনেকটা গোপনেই সাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু গণমাধ্যমে বিয়ের খবর পূর্বেই প্রকাশ হয়। পরে মিমও ছবি প্রকাশ করে জানান বিয়ের খবর।
মিমের স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার। মিম জানান, বিয়ের আগে তাদের ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিলো।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
