ওমিক্রন থেকে বাঁচতে ভয় না পেয়ে টিকা নিন: প্রধানমন্ত্রী

ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রায় ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা আমরা করে রেখেছি। একটি মানুষও যেন টিকা ছাড়া না থাকে আমরা সে ব্যবস্থা করেছি। এক্ষেত্রে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, কোন ধরনের অপপ্রচার ও গায়ে সুঁই ফোটানোর ভয়কে উপেক্ষা করে টিকা নিতে হবে। সবার প্রতি অনুরোধ থাকবে করোনার নতুন ধরন ওমিক্রন থেকে বাঁচতে ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেবেন।

রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বেই ওমিক্রন দেখা দিয়েছে। তাই আমাদের দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে। শীতকালে এর প্রাদুর্ভাবটা বাড়ে। তবে আমাদের দেশে শীতকালে একটু সর্দি-কাশিও হয়। সেদিকে লক্ষ্য রেখে সবাই মাস্ক ব্যবহার করুন।

বঙ্গবন্ধুকন্যা বলেন, ওমিক্রনের বিস্তার ঠেকাতে টিকাদন কর্মসূচি জোরদারসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সব বয়সী মানুষকে মাস্ক পরে চলাফেরার পাশাপাশি বড় জমায়েত যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবিলার জন্য আমরা বিশেষ প্রণোদনাও দিয়েছি, তা ছাড়া টিকা সংগ্রহ করা, টিকা ক্রয় করা, পরীক্ষা করা এবং ভ্যাক্সিনেশন-পৃথিবীর বহু দেশ কিন্তু বিনা পয়সায় দেয় না, অনেক উন্নত দেশও দেয় না। বাংলাদেশে আমরা কিন্তু ভ্যাকসিন বিনা পয়সায় দিচ্ছি।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কারণ মানুষের সেবা করাটাই তো আমাদের বড় কাজ। এ জন্য বাজেটে আমরা আলাদাভাবে টাকাও বরাদ্দ রেখে দিয়েছি। যত টাকাই লাগুক আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখব। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *