নজর২৪ ডেস্ক- করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বিশ্বের বিভিন্ন দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া এই ভেরিয়েন্টটি বিশ্বব্যাপী নতুন উদ্বেগের কারণ হিসেবে দেখা দিয়েছে।
বাংলাদেশ লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গে ওমিক্রনের বিস্তার ঠেকাতে আগামীকাল সোমবার থেকে আবার আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। এই অবস্থায় বাংলাদেশে আবার বিধিনিষেধ জারি করা হবে কি না সেটা নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন।
বাংলাদেশে ওমিক্রন শনাক্ত হয়েছে গত ১১ ডিসেম্বর। গত ২০/২২ দিনে ভেরিয়েন্টটি শনাক্ত হয়েছে দশজনের শরীরে। এখনও দেশে ওমিক্রনের সংক্রমণ মারাত্মক কোনো পর্যায়ে যায়নি। তবে এটি অতি দ্রুতগতিতে বিস্তার লাভ করায় তা নিয়ে উদ্বেগ রয়েছে জনমনে। স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় সংক্রমণ ঘটলে দেশে আবারও বিধিনিষেধ জারি করা হতে পারে বলে আভাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১ জানুয়ারি) মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, এখনো দেশে ওমিক্রন নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আবার লকডাউনে ফিরতে পারে দেশ, এমন ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।
ওমিক্রন ভেরিয়েন্টের বিস্তার না ঘটলেও দেশে করোনার প্রকোপ বেড়ে চলেছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, স্থিতিশীল থাকার পর সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী রয়েছে৷ গত ২০ ডিসেম্বর থেকে দেশে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে৷ গত এক মাসের মধ্যে ২০ ডিসেম্বর পর্যন্ত সংক্রমণের মাত্রা ছিল দুই শতাংশের নিচে, অনেক ক্ষেত্রে তা এক শতাংশের কাছাকাছি ছিল৷ গত ২৬ ডিসেম্বর শনাক্তের হার ছিল দুই শতাংশের নিচে৷ তারপর থেকে এখন পর্যন্ত তা দুই শতাংশের নিচে আর নামেনি৷ গত ৩১ ডিসেম্বর শনাক্তের হার বেড়ে দুই দশমিক ৭৪ শতাংশ হয়৷
গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন৷ মারা গেছেন একজন৷ সারাদেশে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন৷ মারা গেছেন ২৮ হাজার ৭৭ জন৷ ৬১ থেকে ৭০ বছর বয়সি মানুষ সবচেয়ে বেশি মারা গেছেন, শতকরা ৩১.২ ভাগ৷
