নতুন বছরে আমার বাগানে আরও ফলন হবে: মিথিলা

বিনোদন ডেস্ক- নতুন বছরকে ঘিরে আট-দশজন সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাদেরও থাকে হরেক রকমের পরিকল্পনা। এ ক্ষেত্রে দুই বাংলার ব্যস্ত অভিনেত্রী-উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা কি ভাবছেন?

বছরের শেষ বিকালে (৩১ ডিসেম্বর) কলকাতার ছাদবাগানে বসে সংবাদমাধ্যমকে জানালেন নতুন সকালের গল্প। শুরুতেই বললেন, ‘আসছে বছরে আমার বাগানে আরও ফলন হবে!’

মিথিলার ওয়াল থেকে নেটিজেনরা এরমধ্যে দেখেছেন, কলকাতায় তার অসাধারণ এক সাজানো ছাদবাগানের চোখ-ভোলানো চিত্র।

মিথিলা জানান, কলকাতা ছেড়ে তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন- বাগানের যত্ন নেওয়ার বিষয়ে সচেতন। তার অবর্তমানে পরিচর্যার দায়িত্ব দিয়ে যান নিশ্চিন্ত কাউকে। না, এই বিষয়ে খুব একটা সরাসরি সহযোগিতা মেলে না ঢাকার জামাই সৃজিতের পক্ষ থেকে। মিথিলার ভাষায়, ‘তিনি তো টলিউড টু মুম্বাই লাইট-ক্যামেরা নিয়েই মহাব্যস্ত থাকেন, বাগানটা আমাকেই সামলাতে হয়!’

বাগান থেকে নেমে এবার জানালেন নতুন বছরে অভিনয় পরিকল্পনার কথা। জানেন নিশ্চয়, গত বছর টলিউডে পা ফেলেই পর পর তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে দুই বাংলার চোখ ছানাবড়া করে দিলেন মিথিলা। গেল নভেম্বরে সেই ধারাবাহিকতার শেষটা করলেন আরও জাঁকালো- প্রসেনজিতের বিপরীতে ‘আয় খুকু আয়’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে।

তো নতুন বছর নিয়ে কী ভাবছেন মিথিলা; ঢাকা থেকে ক্রমশ গুটিয়ে নেবেন না তো নিজেকে! নাকোচ করে দিলেন সঙ্গে সঙ্গে। বললেন, ‘দুই বাংলায় সমানতালে কাজ করতে চাই। বরাবরের মতো নারী প্রধান চরিত্রের অপেক্ষায় থাকবো। দুই বাংলার নাটক, ওয়েব আর সিনেমায় নিয়মিত থাকতে চাই। তবে সংখ্যায় কম মানে ভালো কিছুই অব্যাহত রাখবো এবারও।’

যোগ করেন, ‘নতুন বছরে আমার জন্য একটু বেশিই বিশেষ। কারণ, এই বছর দুই বাংলাতেই আমার অভিষেক হবে বড় পর্দায়। ফলে সিনেমা ক্যারিয়ারের গতিবিধি বোঝার জন্য এটাও একটা ফ্যাক্টর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *