বছরের প্রথম দিন প্রবাসীদের জন্য সুখবর দিলো সরকার

নজর২৪, ঢাকা- প্রবাসীদের রেমিট্যান্স বৈধ উপায়ে দেশে পাঠানোকে উৎসাহিত করতে বিদ্যমান ২ শতাংশ প্রণোদনা আরও বাড়িয়ে ২.৫ শতাংশ করেছে সরকার।

আজ শনিবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর নববর্ষের উপহার নতুন এই প্রণোদনার হার আজ থেকেই কার্যকর হবে।

জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে আনার লক্ষ্যেই এই প্রণোদনা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে প্রথমবারের মতো ২ শতাংশ হারে প্রণোদনা/নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার ফলে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর পরিমাণ বাড়ে। ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরিত হয়েছে। যা ২০১৮-১৯ অর্থবছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।

এছাড়া, ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২৪ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯-২০ অর্থবছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *